Published : 24 Apr 2026, 03:06 PM
শিক্ষার্থীদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) আয়োজন করছে তৃতীয় বাংলাদেশ এআই অলিম্পিয়াড (বিডিএআইও)। আগামী ১৬ মে রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে এই প্রতিযোগিতার জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার বিডিওএসএন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পর্বের আগে ২ থেকে ১০ মে পর্যন্ত ঢাকা, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগে আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যেসব জেলায় আঞ্চলিক ভেন্যু নেই, সেখানকার শিক্ষার্থীরা ১০ মে অনলাইনে ‘ই-অলিম্পিয়াড’-এ অংশ নিতে পারবে। আঞ্চলিক পর্বের বিজয়ীরা ঢাকায় জাতীয় পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে। তৃতীয় বিডিএআইও দুটি বিভাগে অনুষ্ঠিত হবে।
‘এআই চ্যালেঞ্জ’ বিভাগে ষষ্ঠ থেকে এইচএসসি সমমানের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রতিযোগিতাটি জনপ্রিয় ডেটা সায়েন্স প্ল্যাটফর্ম ক্যাগলে অনুষ্ঠিত হবে। অন্যদিকে, ‘এআই কুইজ’ বিভাগে ষষ্ঠ থেকে এসএসসি সমমানের শিক্ষার্থীদের এআই বিষয়ক সাধারণ জ্ঞান, গণিত এবং যুক্তিবোধের পরীক্ষা নেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীরা ২৮ এপ্রিল রাত ১০টা পর্যন্ত নিবন্ধন করতে পারবে। বাংলাদেশ এআই অলিম্পিয়াডের ওয়েবসাইটে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য পাওয়া যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেন, ‘ভবিষ্যতের পৃথিবী প্রযুক্তিনির্ভর হবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের সমস্যা সমাধান এবং বাস্তব দক্ষতা অর্জনে এআই অলিম্পিয়াড সহায়ক হতে পারে।
’ মাইক্রোসফটের এআই লিড সাদিদ হাসান বলেন, ‘এআই শেখা শুধু কোডিং নয়, এটি ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করা। বাংলাদেশ এআই অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীরা এআইয়ের মূল বিষয়গুলো শিখতে পারবে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।’ এবারের আসরের প্লাটিনাম স্পনসর ও জাতীয় পর্বের হোস্ট বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। রিভ চ্যাট ‘পাওয়ার্ড বাই’ হিসেবে থাকছে। এছাড়াও গোল্ড স্পনসর হিসেবে ব্রেন স্টেশন ২৩, সিলভার স্পনসর মিলিয়ন এক্স বাংলাদেশ ও ক্রিয়েটিভ আইটি এবং ব্রোঞ্জ স্পনসর বিটনা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট নলেজ পার্টনার হিসেবে সহযোগিতা করছে।।
মেটার বিরুদ্ধে মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগ: প্রকাশকদের জোটবদ্ধ মামলা